কালিগঞ্জে 'নিশি কুটুম্বের' হানা: কিস্তিতে কেনা নতুন অটো চুরি, দিশেহারা মালিক
![]() |
| 22March 2026,Kaliganj |
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা হাসিম আলির পুত্র আনোয়ার হোসেন প্রতিদিনের মতো গতরাত আনুমানিক ১১টায় বাড়ির সামনে তার অটো রিক্সাটি রেখে ঘুমাতে যান। কিন্তু ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছেন তিনি।
স্বপ্নভঙ্গের আর্তনাদ
আনোয়ার হোসেন জানান, তিনি মিজোরামে সিমেন্টের মিস্ত্রির কাজ করতেন। কিন্তু বাড়িতে শয্যাশায়ী অসুস্থ পিতার সেবা করার জন্য প্রবাসের কাজ ছেড়ে গ্রামে ফিরে আসেন। তিল তিল করে জমানো টাকায় পরিবার চালানোর তাগিদে মাত্র এক মাস আগে কিস্তিতে অটোটি কিনেছিলেন তিনি। এক মাসের মাথায় চুরির এই ঘটনায় তিনি এখন দিশেহারা। সামাজিক মাধ্যমে কাতর আর্জি জানিয়ে তিনি বলেন:
"অনেক কষ্ট করে সংসারের চাকা ঘোরাতে গাড়িটি কিনেছিলাম। এখন বাবার চিকিৎসা আর পরিবারের খরচ কীভাবে চলবে তা ভেবে কুল পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন আমার গাড়িটি দ্রুত উদ্ধার করে দেওয়া হয়।"
জনমনে আতঙ্ক ও ক্ষোভ
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কালিগঞ্জ ও সংলগ্ন এলাকায় চুরির উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল থেকে অপরাধীদের দমনে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার দাবি জানানো হয়েছে।

No comments: